শুক্রবার, মার্চ ১৩

বেলকুচিতে প্রতিবন্ধীদের নিয়ে ইফতার করলো সুশীল সমাজ

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে প্রতিবন্ধীদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সহমর্মিতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ১ নং বেলকুচি সদর ইউনিয়ন পরিষদে বেলকুচি রূপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি রূপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সুলতানা খাতুন। সভাটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক আছিয়া খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রবাণী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি কাওছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি শাহজাদা, সাধারণ সম্পাদক ফরহাদ সরকার এবং দৌলতপুর প্রতিবন্ধী সংস্থার সদস্য মোহাম্মদ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাদের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা নয় বরং তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আরিফুল ইসলাম। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের কল্যাণ কামনা করা হয় এবং পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সাথে ইফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *