
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের সঙ্গে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান বলেন, বেলকুচি ও চৌহালীর সার্বিক উন্নয়নে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, বেলকুচি থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভূমি সংক্রান্ত সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সাধারণ মানুষের নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।
সভা শেষে সংসদ সদস্য সংশ্লিষ্ট সকলকে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
