শনিবার, ফেব্রুয়ারি ২১

বেলকুচিতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনা খাবার বিতরণ

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

২০২৫-২০২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও অস্বচ্ছল পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বেলকুচি, সিরাজগঞ্জ এবং বাস্তবায়নে ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলীম)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং থাকবে। তিনি আরও বলেন, মানবিক সহায়তা কর্মসূচীর মাধ্যমে প্রকৃত অসহায় ও দুস্থ পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, বেলকুচি থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। উপকারভোগীরা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *