
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। তিল, পাট ও আউশ ধানের আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করে তুলতেই সরকারি এই প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (০৫ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলিম। এ সময় তিনি কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বৃদ্ধির লক্ষ্যেই এই বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ও কৃষকের উন্নয়নে এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা উপস্থিত কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফলন বাড়ানোর পরামর্শ দেন। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই কার্যক্রমের আওতায় উপজেলার কয়েকশ প্রান্তিক কৃষক পর্যায়ক্রমে এই সুবিধা পাবেন।
