
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ, এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, আর্মি ওয়ারেন্ট অফিসার তরুণ বিকাশ চাকমা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল জোরদার, সন্দেহজনক কার্যক্রমে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং জনগণকে সচেতন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
