
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অমর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপজেলা পরিষদ অডিটোরিয়াম, বেলকুচিতে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলীম)।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান (আলীম) ভাষা শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। তিনি তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, বেলকুচি থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী মাস্টার, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার গুরুত্ব এবং জাতীয় চেতনা বিকাশে একুশের তাৎপর্য তুলে ধরেন। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে বেলকুচি উপজেলায় মহান একুশের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হয়।
