মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০

বেকার ভাতার বদলে কর্মসংস্থান সৃষ্টিই জামায়াতের লক্ষ্য: হেলাল

|| সেলিম | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

বেকার ভাতা দিয়ে দেশের তরুণ সমাজকে পঙ্গু না করে বরং কর্মসংস্থানভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এই ঘোষণা দেন।

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, “বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা বিশ্বের অন্যতম মেধাবী। একটি রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে বেকারত্ব সৃষ্টি করে তরুণদের ভাতার ওপর নির্ভরশীল করে রাখতে চায়, যা অত্যন্ত ধ্বংসাত্মক। কিন্তু জামায়াতে ইসলামী এই দর্শনে বিশ্বাসী নয়। আমাদের লক্ষ্য হলো ব্যাপক শিল্পায়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা এবং দক্ষ জনগোষ্ঠীর জন্য টেকসই ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করা।”

তিনি আরও উল্লেখ করেন যে, জামায়াতে ইসলামীর আমির ঘোষিত নীতি অনুযায়ী প্রতিটি নাগরিকের জন্য এমন কাজের পরিবেশ তৈরি করা হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজের দায়িত্ব পালন করতে পারে। জামায়াত একটি কল্যাণমুখী ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং শিক্ষা ও স্বাস্থ্যসহ সব খাতে ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে দেশ গঠনে কোনো আপস করবে না।

বিরোধী পক্ষের অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, ষড়যন্ত্র ও মিথ্যাচার দিয়ে সত্যকে ঢেকে রাখা যাবে না; জনগণই তাদের পলিসি ও কার্যক্রম বিচার করবে।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাহিদুর রহমান বলেন, এবারের নির্বাচন অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত। ভোটাধিকার রক্ষায় ‘আমার ভোট আমি দেব—অন্য কেউ নয়’ এই শপথ নিয়ে ভোটারদের আগামী ফেব্রুয়ারিতে সকাল সকাল কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ঢাকসুর এজিএস আব্দুল হালিম আরিফ, এনসিপি নেতা অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে জনসভাস্থল এক উৎসবমুখর এলাকায় পরিণত হয়, যা মানিকগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে গণজোয়ারের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *