রবিবার, ফেব্রুয়ারি ১

বিজয় দিবস উপলক্ষে ঢাকা আলিয়া ছাত্রদলের আয়োজনে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ছাত্রদলের উদ্যোগে আয়োজিত শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (১৭ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় জিয়ার সৈনিক একাদশ ও ইশতেকলাল একাদশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইশতেকলাল একাদশ। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ৫৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিয়ার সৈনিক একাদশ। বোলিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখান জুবায়ের আহমেদ, যিনি ব্যক্তিগত ২ ওভারে ৫ উইকেট শিকার করেন। ব্যাটিংয়ে ইউসুফের ব্যক্তিগত ২১ রানের ইনিংসের পরও জিয়ার সৈনিক একাদশ সর্বোচ্চ ৪০ রানেই গুটিয়ে যায়। ফলে ইশতেকলাল একাদশ ফাইনাল ম্যাচে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে প্রদান করা হয় নগদ পাঁচ হাজার টাকা, শিক্ষা উপকরণ ও পরিবেশবান্ধব গাছ। রানার্সআপ দল পায় নগদ তিন হাজার টাকা, শিক্ষা উপকরণ ও পরিবেশবান্ধব গাছ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম আহমেদ সালেম।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ছাত্রদল নেতা মোঃ রুবেল হোসেন মমিনের সভাপতিত্বে সাত দিনব্যাপী এই শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করে। পুরো টুর্নামেন্টজুড়ে শিক্ষার্থী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *