
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
দেশের আর্থিক খাতের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আর্থিক বিশেষজ্ঞ ও উদ্যোক্তা মো. মোস্তাকুর রহমান। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২’ অনুযায়ী জনস্বার্থে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। শর্তানুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য সকল প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। মোস্তাকুর রহমানের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে এবং তিনি বাংলাদেশ ব্যাংক থেকে তা গ্রহণ করবেন। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ড. আহসান এইচ মনসুরকে গভর্নর পদে নিয়োগ দিয়েছিল, যার মেয়াদ শেষে এখন মোস্তাকুর রহমান এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
মোস্তাকুর রহমান একজন অভিজ্ঞ জ্যেষ্ঠ ফাইন্যান্সিয়াল গভর্ন্যান্স বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। ১৯৬৬ সালে জন্মগ্রহণ করা এই ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) একজন ফেলো মেম্বার।
বর্তমানে তিনি ‘হেরা সোয়েটার্স লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএ-র বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি এবং আর্থিক ব্যবস্থাপনা খাতে তার দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা দেশের টালমাটাল অর্থনীতিকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
