
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট ও আধুনিক ৫জি প্রযুক্তির সম্প্রসারণে বিনিয়োগ ও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বৈশ্বিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর গ্রুপ। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার এই আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে টেলিনর সিইও বলেন, টেলিনর গ্রুপ বাংলাদেশে তাদের সেবার মান আরও আধুনিকায়ন করতে চায়। বিশেষ করে তথ্যপ্রযুক্তির নতুন দিগন্ত ৫জি বিস্তারে তারা সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী।
জবাবে প্রধানমন্ত্রী দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া এবং ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং টেলিনর গ্রুপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
