
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ায় এবারের অমর একুশে ফেব্রুয়ারি এক ভিন্ন মাত্রায় ও মুক্ত পরিবেশে উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় একটি অবরুদ্ধ পরিস্থিতির পর এবার একুশ মুক্ত হয়েছে, যা জনগণের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা এখন অনেক বেশি। একটি ইনসাফভিত্তিক গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণই এই সরকারের মূল লক্ষ্য।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, একুশের মূল চেতনা ছিল বৈষম্যহীন সমাজ গঠন করা। সেই চেতনার ভিত্তিতেই আগামী দিনে মাতৃভাষা ও জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সংহত করতে সরকার কাজ করে যাবে।
দেশের বর্তমান প্রেক্ষাপট ও সরকারের চ্যালেঞ্জ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভেঙে পড়া অর্থনীতিকে পুনরায় সচল করা এবং দেশের রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল ও সংহত রাখাই এখন সময়ের প্রধান দাবি। নতুন একুশের অনুপ্রেরণা নিয়ে জনগণের কল্যাণে সরকার সফল হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
