বুধবার, এপ্রিল ৮

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

|| নিজস্ব প্রতিবেদক ||

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে চলতি অর্থবছরেই বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ সদস্য মো. সেলিম রেজার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর এবং পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় এই স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

শিক্ষার মানোন্নয়নে সরকারের নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে সকল উপজেলায় স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পাশাপাশি নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।

ডিজিটাল বৈষম্য দূর করতে ইতোমধ্যে দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে এবং আগামী ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হবে। মাদ্রাসার আধুনিকায়নে স্মার্ট ক্লাসরুম স্থাপন ও কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে সরকারের।

এছাড়া দক্ষ জনশক্তি গড়তে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), সাইবার সিকিউরিটি ও পাইথন প্রোগ্রামিংসহ বিভিন্ন অত্যাধুনিক বিষয়ে শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *