
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
ঝড়ো বাতাসের কারণে দেশের গুরুত্বপূর্ণ আরিচা–কাজিরহাট ও পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে ঈদে ঘরে ফেরা হাজারো যাত্রী ঘাটে এসে আটকা পড়েছেন এবং চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ সময় মাঝ নদীতে যাত্রীবাহী দুটি ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ও খানজাহান আলী নিরাপত্তার স্বার্থে নোঙর করে রাখা হয়েছে।
এছাড়া পাটুরিয়া ঘাটে ৬টি ফেরি— শাহ পরান, শাহ মখদুম, এনায়েতপুরী, ক্যামেলিয়া, বনলতা ও মতিউর রহমান এবং দৌলতদিয়া ঘাটে ৭টি ফেরি— ভাষা শহীদ বরকত, ঢাকা, গোলাম মাওলা, কুমিল্লা, বাইগার, কেরামত আলী ও হাসনাহেনা পন্টুনে বেঁধে রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম জানান, ঝড়ো বাতাসের কারণে রাত থেকেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে এবং ঝড়ো বাতাস থেমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
