মঙ্গলবার, এপ্রিল ৭

জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বেলকুচিতে আলোচনা সভা অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে ০৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ। তিনি জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে জাটকা রক্ষা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, ইলিশ বাংলাদেশের অর্থনীতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাটকা সংরক্ষণে সকলকে সচেতন হতে হবে এবং আইন মেনে চলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, জেলা নৌ পুলিশের অফিসার ইনচার্জ রফিক আহমেদ, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খোকন ব্যাপারী।

বক্তারা বলেন, ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ মাছকে জাটকা বলা হয়। প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ।

এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে বলে সভায় জানানো হয়।

আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নদী ও জলাশয়ে নিয়মিত অভিযান জোরদারের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *