
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের চিলমারীতে আসন্ন পবিত্র মাহে রমজান ও মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পৃথক দুটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাগুলো অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক। মাহে রমজান ও শহীদ দিবসের কর্মসূচি সফল করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত সভায় আসন্ন রোজায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা জানান, রমজানে খুচরা ও পাইকারি বাজারে পণ্যের মূল্যের সমন্বয় বজায় রাখতে হবে। বিশেষ করে ইফতারিতে কোনো ধরনের কেমিক্যালযুক্ত খাবার বা অস্বাস্থ্যকর পরিবেশ যাতে না থাকে এবং পশুর মাংসের গুণগত মান ও দাম যেন সহনীয় থাকে, সেদিকে কড়া নজরদারি রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় জনসমক্ষে ধুমপান ও খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা, জামায়াতে ইসলামীর প্রতিনিধি বাদল, চিলমারী মডেল থানার ওসি আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই স্থানে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অপর এক প্রস্তুতিমূলক সভায় একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে চিলমারী উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও আলোচনা সভার কর্মসূচি চূড়ান্ত করা হয়। এই সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দিবসটি সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।
