বুধবার, এপ্রিল ১

চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশিন

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||

দেশের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী এবং মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিক ডালিয়া নওশিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (০১ এপ্রিল) বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডালিয়া নওশিন বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় আজ দুপুরে তিনি শেষ বিদায় নেন।

ডালিয়া নওশিন কেবল একজন প্রথিতযশা শিল্পীই ছিলেন না, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন নিয়মিত কন্ঠযোদ্ধা হিসেবে তার অবদান ছিল অনস্বীকার্য। তার দরদী কন্ঠে গাওয়া নজরুল সংগীত এবং দেশাত্মবোধক গানগুলো শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শুদ্ধ সংগীত প্রচার ও প্রসারে নিরলস কাজ করে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, ডালিয়া নওশিনের মৃত্যুতে দেশের সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। তার জানাজা ও দাফনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না জানালেও পরিবারের পক্ষ থেকে শীঘ্রই বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *