
|| নিজস্ব প্রতিবেদক ||
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বুধবার (০১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।
গণভোটের রায় নিয়ে সরকারি দলের কার্যক্রমে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি।
এর আগে সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। মূলত জুলাই সনদ আদেশ জারি না করা এবং সংসদীয় আলোচনায় বিরোধী দলীয় নেতাকে ভুলভাবে উদ্ধৃত করার (মিসকোড) অভিযোগ এনে বিকাল ৫টা ৪৫ মিনিটে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, “যে বিষয়টিতে নির্বাচনের আগে সরকারি ও বিরোধী দলসহ সবাই একমত হয়েছিলাম এবং যার পক্ষে দেশব্যাপী ক্যাম্পেইন করা হয়েছিল, সেই গণভোটের রায়ের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। দেশবাসীর রায়ের এই অবমূল্যায়ন আমরা বিরোধী দলে বসে মেনে নিতে পারি না। এর প্রতিবাদেই আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।”
উত্তরে স্পিকার বলেন, ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার। তবে তিনি বিরোধীদলীয় নেতাকে অনুরোধ করেন যেন তারা পরবর্তী মুলতবি প্রস্তাবের আলোচনা পর্যন্ত অপেক্ষা করেন।
স্পিকারের মতে, ওই প্রস্তাবে বিরোধী দলের অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে। কিন্তু বিরোধী দল তাদের অবস্থানে অনড় থেকে সংসদ ত্যাগ করে এবং পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের ডাক দেয়।
