
|| নিজস্ব প্রতিবেদক ||
খেলাধুলা শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে অনেকাংশে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করে তোলে বলে মন্তব্য করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের আয়োজনে সম্পন্ন হওয়া ‘Gonzo International Presents LU CSE Sports Fest-2026’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী-১ এ আয়োজিত এই অনুষ্ঠানে উপাচার্য বলেন, সিএসই ডিপার্টমেন্ট লিডিং ইউনিভার্সিটির সবচেয়ে বড় ডিপার্টমেন্ট এবং এই বিভাগের শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম ও খেলাধুলায়ও দারুণ সাফল্য দেখাচ্ছে। তারা দেশ-বিদেশের নামকরা প্রতিষ্ঠানে সফলতার সাথে সেবা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে। এই সফল আয়োজনের জন্য তিনি বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
উৎসবমুখর পরিবেশে তিনদিনব্যাপী অনুষ্ঠিত এবারের স্পোর্টস ফেস্টে ফুটবল, ব্যাডমিন্টন, দৌড় প্রতিযোগিতা, কেরাম, দাবা ও লুডুসহ বিভিন্ন ইভেন্টে ৫০০-এর অধিক শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। ফেস্টের অন্যতম আকর্ষণ ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘The Boys 64’ এবং রানার্সআপ হয় ‘Team Six III’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রক্টর মো. মাহবুবর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান। স্পোর্টস ফেস্টের আহ্বায়ক ও সিএসই ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মো. ইব্রাহিম হোসেন অনুষ্ঠানের সঞ্চালক শেখ তাবাসসুমের মাধ্যমে আয়োজনের সাথে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে স্পনসর প্রতিষ্ঠান গনজো ইন্টারন্যাশনালের সিইও মোহাম্মদ জাকির হোসেনসহ সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
