
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি ১৪টি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
রবিবার (২৯ মার্চ) দিনব্যাপী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের চিত্র তুলে ধরে।
ফলাফলে সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ এবং সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিউর রহমান নান্নু বিজয়ী হন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন। যুগ্ম সম্পাদক হিসেবে জয় পেয়েছেন এম এম তৌহিদুজ্জামান। লাইব্রেরি সম্পাদক পদে জয়দেব কুমার সরকার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুরুন নাহার নাজমুন নেছা জেবা।
কার্যনির্বাহী পরিষদের সাত সদস্য পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ণ কুমার মণ্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, শাজাহান ঠাকুর এবং শাকিরা ফেরদৌস রিমি।
নবনির্বাচিত নেতারা প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় খুলনার আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। তারা সমিতির সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় তারা আনন্দ মিছিল বের করেন।
