
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফয়সাল (৩৩)-কে গ্রেফতার করেছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আটক ফয়সাল খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং শীর্ষ সন্ত্রাসী নুর আজিম গ্রুপের সক্রিয় সদস্য। নুর আজিম বর্তমানে কারাগারে থাকায় গ্রুপটির নিয়ন্ত্রণ ফয়সালের হাতেই ছিল। সে টুটপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানান, ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ওই বাসা থেকে আটক করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
