রবিবার, ফেব্রুয়ারি ৮

খুলনায় বক্ষব্যাধি হাসপাতালের সামনে বালু ব্যবসায়ীকে গুলিবর্ষণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সৈয়দ আলম নবী (৩৮) নামে এক বালু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে খানজাহান আলী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

আহত সৈয়দ আলম নবী মিরেরডাঙ্গা এলাকার বাসিন্দা ও আনোয়ার মীরের ছেলে। স্থানীয়দের মতে, তিনি ওই এলাকার একজন পরিচিত বালু ব্যবসায়ী। একই সঙ্গে তিনি এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁর পথরোধ করে। পরে তাঁকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিগুলো তাঁর পিঠ, কাঁধ ও কানের পাশে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় পাঠানো হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, আহত ব্যক্তি একজন বালু ব্যবসায়ী। পাশাপাশি তিনি এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মারামারিসহ একাধিক মামলা রয়েছে। জুট মিলের সিকিউরিটি ব্যবস্থাপনা নিয়ে একটি পক্ষের সঙ্গে তাঁর বিরোধ চলছিল, যা নিয়ে আগে মামলা পর্যন্ত গড়িয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *