বৃহস্পতিবার, এপ্রিল ২

খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থী মৌমিতার মৃত্যু

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা নগরীতে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় রিকশায় থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৌমিতা হালদার (২৬) নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা তরুণ হালদারের মেয়ে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের ২০২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৌমিতা তার বাবার সঙ্গে রিকশায় করে ডাকবাংলা মোড় থেকে বাসার দিকে ফিরছিলেন। পথিমধ্যে জেলা পরিষদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। তার মাথা ও ঘাড়ে আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার এসআই দেবব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিহতের ছোট ভাই জানান, দুর্ঘটনার সময় তার বাবা ও বোন একসঙ্গে রিকশায় ছিলেন। ধাক্কায় দুজনই পড়ে যান। তার বাবার হাতে সামান্য আঘাত লাগলেও মৌমিতার অবস্থা গুরুতর হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এক শোকবার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *