
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার রূপসা উপজেলায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে নাদিম ইসলাম (৩০)-এর বিরুদ্ধে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মিম্মি বেগম (৫০) একই এলাকার বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী।
নিহতের মেয়ে জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, শ্বশুরবাড়িতে ছিলেন। খবর পেয়ে এসে মায়ের মরদেহ দেখতে পান। তিনি বলেন, “আমার মা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে। কিন্তু কেউ এগিয়ে আসেনি। আমি খুনির সর্বোচ্চ শাস্তি চাই।”
স্থানীয়রা জানান, নাদিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ হতো। ঘটনার দিনও টাকার জন্য মায়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে পাশের একটি গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মিম্মি বেগম গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন এবং পরে মারা যান।
রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন জানান, সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নাদিমকে আটক করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ছেলে মাকে পিটিয়ে হত্যা করেছে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
