
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের আলোচিত ব্যক্তি ভাইরাল তাইজুল ইসলাম তাজুর হারিয়ে যাওয়া ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ একদিনের ব্যবধানে পুনরুদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তার ১ মিলিয়ন ফলোয়ারের পেজটি পুনরায় সক্রিয় দেখা যাচ্ছে। পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তাজুর ভক্ত-অনুরাগী ও স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার হঠাৎ করেই তাজুর জনপ্রিয় পেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গায়েব হয়ে যায়। মাত্র ৭ দিনে ১০ লাখ ফলোয়ার হওয়ার পরপরই এমন ঘটনায় হ্যাকিংয়ের আশঙ্কা ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে দিনভর উদ্বেগ ও সমালোচনার পর আজ সকালে পুনরায় পেজটি দৃশ্যমান হয়।
এদিকে, পেজ ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তাইজুল ইসলাম তাজু বলেন, “আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
তবে তাজুর এই ভাইরাল হওয়াকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের অভিযোগ, কিছু কনটেন্ট ক্রিয়েটর তাজুর সরলতাকে পুঁজি করে কেবল ভিউ পাওয়ার আশায় বিভিন্ন বিব্রতকর ভিডিও তৈরি করছেন, যা তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কনটেন্ট নির্মাতাদের এ ধরনের প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
