
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ইরানের অন্যতম প্রধান শহর ইসফাহানে আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ভয়াবহ ও তীব্র বিমান হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এই হামলা চালানো হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, অন্তত ২৩ লাখ মানুষের বসতিপূর্ণ এই শহরের ওপর দফায় দফায় আক্রমণে রাতের আকাশ বিশাল আগুনের কুণ্ডলী ও বিস্ফোরণে আলোকিত হয়ে ওঠে। মূলত ইসফাহানে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘বদর সামরিক বিমান ঘাঁটি’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে শক্তিশালী বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের শিখা দেখা গেছে। এই হামলার ফলে পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করা হচ্ছে।
তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
