
|| ইবি প্রতিনিধি ||
উপমহাদেশের প্রাচীনতম ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একক প্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ছাত্রসংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় ছাত্রসংগঠনটির তিন শতাধিক কর্মী ও শিক্ষক-শিক্ষার্থী নিয়ে র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবনের সামনে এসে শেষ হয়। পরে ভবনটির গগণ হরকরা গ্যালারিতে ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মোঃ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, সহকারী প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল বারী।

বক্তারা ঐতিহ্যবাহী ছাত্রসংগঠনটির গৌরবগাঁথা ইতিহাস তুলে ধরে বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষে ১৯২৯ সালের ২৪ নভেম্বর কোলকাতা আলিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠা লাভ করেছিল প্রিয় ছাত্র সংগঠন জমিয়তে তালাবায়ে আরাবিয়া। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আকরাম খাঁ ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর হাত ধরে বৃটিশবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ছাত্রসংগঠনটি। তালাবার সংগ্রামী আন্দোলনের ফলে এ দেশে মাদ্রাসা শিক্ষার্থীরা ফাযিল-কামিলের মান পেয়েছে, প্রতিষ্ঠালাভ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তালাবার রক্তঝরা আন্দোলনের ফসল হিসেবে এদেশে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়। বক্তারা আরো বলেন, এখন সময় এসেছে এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ এদেশে একটি কুরআনিক বিশ্ববিদ্যালয় স্থাপনের। ইসলামী তাহজিব, তামাদ্দুন রক্ষা ও প্রকৃত ওয়ারেসে নবী তৈরির কারিগড় জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলাম ও মাদ্রাসা শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার থেকে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দীন মিঝি, ড. খান মোহাম্মদ ইলিয়াস, ড. এ বি এম জাকির হোসেন, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. আকতার হোসেন, জুলাই ৩৬ হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল হক সিদ্দিকী, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. কাউছার মো: বাকী বিল্লাহ প্রফেসর ড. রফিকুল ইসলাম, প্রফেসর ড. মোঃ কামরুল হাসান, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইবি শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা মো. আবু বকর সিদ্দিক, সাবেক সভাপতি মো. নুরুল হুদা, সাবেক সভাপতি ড. আবু তুরাব মোস্তাক আহমদ, সাবেক সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাবেক সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাবেক সেক্রেটারি মাওলানা মোস্তফা আল মুজাহিদ, সাবেক সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আল আরিফি প্রমুখ।

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও আসাদুল্লাহ আল গালিব সঞ্চালিত অনুষ্ঠানে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. সাজ্জাতুল্লাহ শেখ, সেক্রেটারি মো. শামিম হোসেনসহ সকল দায়িত্বশীল ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
