রবিবার, এপ্রিল ১২

আজ থেকে শুরু হচ্ছে শহিদ আবু সাঈদ বইমেলা

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৬’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো শহীদ আবু সাঈদের বীরত্বগাথা ও স্মৃতিকে অমর করে রাখতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ রবিবার (১২ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এই বইমেলা শুরু হবে, যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। বইমেলার আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, এবারের মেলা গতবারের মতো আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। 

শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের এই মেলার উদ্বোধনী আয়োজনে সম্পৃক্ত করাকে এক বিশেষ সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্তমানে দেশে চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী নির্দেশনা অনুযায়ী মেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মেলা প্রতিদিন দুপুর দেড়টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। তবে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল মেলার সময়সীমা বাড়ানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *