বৃহস্পতিবার, এপ্রিল ২

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||

বৈশ্বিক সংকট ও বিদ্যমান জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইনের সমন্বয়ে একটি ‘ব্লেন্ডেড’ পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

তিনি বলেন, এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং বিষয়টি নিয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। সাম্প্রতিক সময়ে রোজার ছুটি ও বিভিন্ন আন্দোলনের কারণে পাঠদানের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচদিনের পরিবর্তে ছয়দিন ক্লাস চালুর বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, একটি জরিপে দেখা গেছে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন; তবে শিক্ষার্থীরা যাতে সামাজিকভাবে বিচ্ছিন্ন না হয়ে পড়ে, সরকার সেই দিকটিও সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে।

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এই পদ্ধতি চালুর পরিকল্পনা থাকলেও কলেজ পর্যায়েও এটি কার্যকর করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের জন্য আপাতত ভিন্ন ব্যবস্থাপনার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশেষ করে বড় শহরগুলোতে ট্রাফিক জট ও জ্বালানি সাশ্রয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস, বৈদ্যুতিক বাস এবং মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার উন্নয়নকেও সরকার গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় একটি সমন্বিত রূপরেখা তৈরির কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

শিক্ষা ব্যবস্থার এই আধুনিকায়ন ও সেশন জট নিরসনে সরকারের এই উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *