বৃহস্পতিবার, এপ্রিল ২

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৩৮৭ টাকা

|| নিজস্ব প্রতিবেদক ||

ভোক্তা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এপ্রিল মাসের জন্য নতুন এই মূল্য নির্ধারণ করেছে।

নতুন ঘোষণা অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছে। এর ফলে প্রতি সিলিন্ডারে গ্রাহককে অতিরিক্ত ৩৮৭ টাকা গুনতে হবে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল তিনটায় বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়।

১২ কেজি ছাড়াও বিইআরসি বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করেছে। নতুন তালিকায় ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন পরিমাপের সিলিন্ডার যেমন— ১৮ কেজি ২ হাজার ৫৯৩ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৬০১ টাকা এবং ৩৫ কেজির সিলিন্ডার ৫ হাজার ৪১ টাকায় বিক্রি হবে।

একই সাথে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৯.৭৭ টাকা। আজ থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *