সোমবার, এপ্রিল ১৩

হামলার জবাবে ইসরায়েলি শহরে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা

|| আন্তর্জাতিক ডেস্ক ||

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন শহর ও সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় গভীর রাতে এই আক্রমণ চালানো হয়। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে অব্যাহত হামলার জবাবেই তারা এই পাল্টা আঘাত হেনেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত ১টা ২০ মিনিটে ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর এবং রাত ২টা ৪৫ মিনিটে দোভিভ বসতিকে লক্ষ্য করে শক্তিশালী রকেট ব্যারাজ নিক্ষেপ করা হয়। এর আগে গত ২৪ ঘণ্টায় উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক ঘাঁটি, বসতি ও বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে মোট ৪৩টি হামলা চালানোর কথা নিশ্চিত করেছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহ এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, লেবাননের ভূখণ্ড ও জনগণের ওপর ইসরায়েল এবং আমেরিকার এই আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ওই অঞ্চলে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও সীমান্ত এলাকায় উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা তীব্র হচ্ছে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *