মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন এলজিআরডি মন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সচল করতে যেসব সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোতে সবার আগে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সরকারের এই পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের প্রতিটি স্তরকে দ্রুত জনবান্ধব ও কার্যকর করতে চায় বর্তমান সরকার। সেই লক্ষ্যে যেসব সিটি করপোরেশনের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তালিকায় সবার আগে রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন। এই তিনটি সিটিতে নির্বাচনের পর পর্যায়ক্রমে দেশের বাকি সিটি করপোরেশনগুলোতেও ভোটের আয়োজন করা হবে।

বর্তমান প্রেক্ষাপটে দলীয় প্রতীকে নির্বাচন হবে কি-না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এটি একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়। আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। সেই অধিবেশনেই দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রশাসক নিয়োগের বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমলাতান্ত্রিক ব্যবস্থার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা জনগণের সমস্যার সমাধানে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন। তারা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবা নিশ্চিত করা সহজ হয়। বর্তমান সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *