
|| আল আমিন হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নিতে বিসিক শিল্প পার্কের মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প পার্কে স্থাপিত জনসভা মঞ্চে উপস্থিত হন।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল ১০টা থেকেই সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হতে থাকেন।
দুপুরের মধ্যেই বিসিক শিল্প পার্ক মাঠ জনসভায় অংশগ্রহণকারীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বেলা পৌনে ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী জনসভার কার্যক্রম শুরু হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
এছাড়াও জনসভায় বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিম রেজা, পাবনা-১ আসনের প্রার্থী শামসুর রহমান, সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী এম. আকবর আলী, পাবনা-২ আসনের প্রার্থী সেলিম রেজা হাবিব, সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী এম. এ. মুহিত এবং পাবনা-৩ আসনের প্রার্থী হাসান জাফির তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জ সফর করেছিলেন। সে সময় তিনি কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় বক্তব্য প্রদান করেন।
