
অবিলম্বে ইরানের উপর এই হামলা বন্ধ করতে হবে
|| নিজস্ব প্রতিবেদক ||
সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরাইল কর্তৃক ইরানে নগ্ন হামলা মানবতার চরম লংঘন বলে অভিহিত করে অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জোহর কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটি মজলিসে আমলের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, বিশ্ব মুসলিম যখন মাহে রমজানের রোজা পালন করছে ঠিক সেই মুহূর্তে ইরানে বর্বরোচিত হামলা কোনভাবেই বরদাশত করার মতো নয়। এই হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, বিশ্ব মুসলিমের বিরুদ্ধে, বিশ্ব মানবতার বিরুদ্ধে। আমেরিকা ইসরাইলকে অবশ্যই এই হামলা অনতিবিলম্বে বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে জাতিসংঘ, ওআইসিকে দ্রুত যুদ্ধ বন্ধের কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে সব মুসলিম রাষ্ট্র প্রধানদের উচিত ইরানের পাশে দাঁড়ানো। মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রপ্রধানদের স্মরণ রাখা উচিত, ইরানকে দমন করতে পারলে তোমাদের অস্তিত্ব থাকবে না।
কেন্দ্রীয় আমীর আরও বলেন, বাংলাদেশ সরকারের উচিত, এই যুদ্ধ বন্ধ করার জন্য ইরানের পক্ষে সমস্ত কূটনৈতিক তৎপরতা চালানো। বাংলাদেশের তৌহিদী জনতাসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান, ইরানের জন্য দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামীন ইরানের বিজয় দিন এবং নৈতিকভাবে ইরানকে সমর্থন জানানো আমাদের নৈতিক দায়িত্ব।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ মহিব্বুল্লাহ ভূঞা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, তালিম ও তালীম ও তারবিয়াত সম্পাদক মুফতি মাওলানা মিজানুর রহমান আসলামী, মজলিসে আমলের সদস্য মাওলানা আনোয়ার হোসাইন ও ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জনাব এফএম আলী হায়দার প্রমুখ।
