
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের ক্ষেত্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ফরম বিক্রির প্রথম তিন দিনে দলটির প্রায় ১ হাজার ৩০০টি ফরম বিক্রি হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে জমা পড়েছে প্রায় ৯০০টি। সোমবার (১৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী ও শিল্পীসহ নানা পেশার নারীরা এবার প্রার্থী হতে আগ্রহ দেখিয়েছেন।
মনোনয়নপ্রত্যাশী নেত্রীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, গত দেড় যুগ ধরে যারা রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন, দল এবার তাদের যথাযথ মূল্যায়ন করবে। নির্বাচিত হলে তারা সংসদে নারী অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
এবারের নির্বাচনে বিএনপি প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ২ হাজার টাকা নির্ধারণ করেছে। এছাড়া ফরম জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা অফেরতযোগ্য জামানত প্রদান করতে হয়েছে।
সংসদীয় বিধি অনুযায়ী, প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত আসন বণ্টনের হিসেবে বিএনপি জোট পাচ্ছে মোট ৩৬টি আসন। এছাড়া জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র সদস্যরা ১টি আসন পাবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং আগামী ১২ মে সংরক্ষিত এই ৫০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
