শনিবার, ফেব্রুয়ারি ৭

শিবালয়ে জামায়াতের নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকির নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শিবালয়ের আরিচা ফেরি ঘাটের ট্রাক টার্মিনালে এ জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আঞ্চলিক টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন।

এ সময় মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামের প্রধান আলোচক ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবালয় থানা শাখার আমীর হাফেজ মাওলানা হাতেম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুক, মানিকগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাও. জাকির হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু তালেব, শিবালয় শাখার সাবেক আমির শাহাদত হোসেন, শিবালয় ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ মো: ইব্রাহিম মল্লিক, মানিকগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান ও ছাত্র শিবিরের সভাপতি মাওলানা জামিল হোসেন প্রমুখ।

এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকি বলেন, ‘দুর্নীতি আমরা করব না, দুর্নীতি করতে দিব না। চাঁদা আমরা নিব না, চাঁদা নিতে দিব না। আমি নির্বাচিত হলে ভাঙ্গনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করব এবং বেকার ভাতা দিয়ে তাদেরকে উৎসাহিত না করে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। দেশে সবার সমান অধিকার ও সুশাসন নিশ্চিত করব।’ এ সমস্ত কর্মকান্ড বাস্তবায়নে তাকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান তিনি।

নির্বাচনী জনসভা শেষে, জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকির নেতৃত্বে আরিচা ঘাট এলাকায় বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *