বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে নির্বাচন ও গণভোট: স্বরাষ্ট্র উপদেষ্টা

|| শেখ শাহরিয়ার | জেলা ​প্রতিনিধি (খুলনা) ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কোনো ধরনের সংশয় বা শঙ্কা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)। তিনি আশ্বস্ত করেছেন যে, একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

​বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

​নিরাপত্তার কঠোর বলয়

​নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে। এবারের নির্বাচনে প্রায় ১ লাখ সেনাবাহিনী, ১ লাখ ৫০ হাজার পুলিশ এবং ৫ লাখের বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবি’র ৩৭ হাজার, র‍্যাবের ৯ হাজার এবং নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রায় সাড়ে আট হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

​প্রযুক্তিনির্ভর নজরদারি

​সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবার আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। পাশাপাশি নিরাপত্তার প্রয়োজনে ড্রোন এবং ডগস্কোয়াডও মোতায়েন থাকবে। নির্বাচনের পরে কোনো ধরনের সংঘাত বা সহিংসতার আশঙ্কা নেই বলেও তিনি মন্তব্য করেন।

​দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

​দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “দেশের মঙ্গলের জন্য সঠিক সংবাদ পরিবেশন করা প্রয়োজন। ভুল বা বিভ্রান্তিকর তথ্য জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই বস্তুনিষ্ঠতা বজায় রাখা জরুরি।”

​উক্ত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি ও র‍্যাবের মহাপরিচালকবৃন্দ এবং খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *