
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ককটেল তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করেছে র্যাব-৫। উদ্ধার হওয়া এসব সামগ্রীর মধ্যে রয়েছে বিপজ্জনক বিস্ফোরক সাদৃশ্য গান পাউডার এবং কাঁচের গুঁড়া, যা সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা রয়েছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসবাদ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫ এর একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাদা প্লাস্টিকের ব্যাগ এবং একটি লাল রঙের শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগ দুটি তল্লাশি করে একটি স্বচ্ছ পলিথিনের মধ্যে সংরক্ষিত বিপুল পরিমাণ গান পাউডার এবং অপর একটি পলিথিনে ভাঙা কাঁচের গুঁড়া পাওয়া যায়। উদ্ধার হওয়া গান পাউডারের পরিমাণ প্রায় ১২ কেজি ৫৮০ গ্রাম এবং কাঁচের গুঁড়ার পরিমাণ প্রায় ২ কেজি ১৪০ গ্রাম বলে নিশ্চিত করা হয়েছে।
র্যাবের প্রাথমিক ধারণা, এসব উপকরণ ককটেল বা অন্যান্য বিস্ফোরক তৈরির কাজে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। ঘটনাস্থল থেকেই আলামতগুলো জব্দ করা হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
