
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক কারবার, অবৈধ অস্ত্র, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাব।

এরই ধারাবাহিকতায় রাজশাহীতে র্যাব-৫ এর সিপিএসসি (CPSC) দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
কাশিয়াডাঙ্গায় গভীর রাতে অভিযান, উদ্ধার ২৪টি ককটেল
র্যাব সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে রাত ৩টা ০৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই স্থান থেকে ২৪টি ককটেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ককটেলগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
পুঠিয়ার বানেশ্বরে পৃথক অভিযান, উদ্ধার ৪০টি দেশীয় অস্ত্র
একই রাতে র্যাব-৫ রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—
রামদা: ৪টি
হাসুয়া: ৫টি
ছুরি: ৫টি
কুঠার সদৃশ টাঙ্গি: ১৮টি
হাতলযুক্ত হ্যামার: ২টি
উদ্ধারকৃত সব আলামতই নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে আলামতগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নির্বাচন ও গণভোটকে ঘিরে মজুদের আশঙ্কা
র্যাব-৫ এর প্রাথমিক ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে কেন্দ্র করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা অথবা কোনো এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করে রাখা হতে পারে।
ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
র্যাব জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
