বুধবার, ফেব্রুয়ারি ১৮

রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ

|| নিজস্ব প্রতিবেদক ||

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ‘আহলান সাহলান মাহে রমজান’ শিরোনামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে দ্রব্যমূল্যের সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া এবং চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা সময়ের দাবি। তিনি পবিত্র রমজানে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখারও আহ্বান জানান।

সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঞা, তা’লীম ও তারবিয়াত সম্পাদক মাওলানা মুহাম্মদ মিজানুর রহমচন আসলামী প্রমুখ।

বক্তারা বলেন, রমজান আসার আগেই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ফিরিয়ে আনার জোর দাবি জানান। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জনসাধারণের মাঝে মাহে রমজানের আহবান বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *