
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
রবিবার (১মার্চ) খুলনা নগর ভবনে বদলে যাচ্ছে প্রশাসনের দায়িত্বভার। খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিকভাবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন। এ উপলক্ষে কেসিসি চত্বরজুড়ে প্রস্তুতির ব্যস্ততা এখন চোখে পড়ার মতো।
এ দিন দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে দায়িত্বগ্রহণ পর্ব। অনুষ্ঠানটি হবে সংক্ষিপ্ত, তবে উপস্থিতির দিক থেকে থাকবে বিস্তৃত পরিসর। কেসিসি সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিক নেতাদের পাশাপাশি আমন্ত্রণের তালিকায় রয়েছেন নগর পরিকল্পনাবিদ, পরিবেশকর্মী, এনজিও প্রতিনিধি ও নাগরিক সংগঠনের সদস্যরা। এমনকি নগর জীবনের সঙ্গে সরাসরি যুক্ত রিকশা ও ইজিবাইকচালক এবং শ্রমিক প্রতিনিধিদেরও রাখা হয়েছে তালিকায়।
অনুষ্ঠানের জন্য নগর ভবনের তৃতীয় তলার শহীদ আলতাফ মিলনায়তন ও জিআইজেড সভাকক্ষে মূল আয়োজন থাকবে। অতিরিক্ত অতিথিদের জন্য নিচতলায় বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। জানা গেছে, নবনিযুক্ত প্রশাসক প্রথমে নিচতলায় উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন, এরপর মূল অনুষ্ঠানে যোগ দেবেন। সঞ্চালনায় থাকবেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সরকার কেসিসির প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জু–কে নিয়োগ দেয়। পরদিন রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর কাছে তিনি যোগদানপত্র জমা দেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর তিনি দায়িত্ব নিতে খুলনায় ফিরছেন।
নগরবাসীর প্রত্যাশা, প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে নতুন দায়িত্বশীল নেতৃত্বে সেবামূলক কার্যক্রমে গতি আসবে।
