রবিবার, ফেব্রুয়ারি ৮

যৌন হয়রানির অভিযোগে বেরোবির দুই শিক্ষক বহিষ্কার

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||

‎যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর দুজন শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

‎অভিযুক্ত দুই শিক্ষক হলেন—ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম।

‎‎এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম আবার কোনোদিন মেয়েদের সুপারভাইজার হতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: হারুন অর রশীদ বলেন, কমিটি তাদের ব্যাপারে শাস্তির সুপারিশ করেছে। শাস্তি নির্ধারণ করবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাদেরকে ট্রাইবুনালে ন্যস্ত করার সিদ্ধান্ত হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে সুনির্দিষ্ট শাস্তি আসা অবধি তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবেন।

উল্লেখ্য, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার স্বহস্তে লেখা অভিযোগপত্রে শামীম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অন্যদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ করেছেন। এবং দুই বিভাগের শিক্ষার্থীদের মৌখিক সাক্ষাৎকার নেওয়ার পর তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *