
|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসতঘর ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় গ্রামটির আকন বাড়িতে প্রথমে মোঃ গফফার আকনের ঘরে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে এই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা দুটি বসতঘরে।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন শ্রীনগর গ্রামের আকন বাড়ির মোঃ খলিল আকন, মোঃ গফফার আকন ও মোঃ রুস্তম আকনের মোট ৩টা ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষণিকের মধ্যে নিঃস্ব হয়ে যায় তিনটি পরিবার। ভেঙ্গে যায় তিনটি পরিবারের স্বপ্ন।
স্থানীয় মোঃ মনজু বিশ্বাস ফোন দিলে মির্জাগঞ্জে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুইঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে এই আগুনের সুত্রপাত হতে পারে।
তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মালিহা খানম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্য ও শুকনো খাবার প্রদান করেন।
