
|| আন্তর্জাতিক ডেস্ক ||
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে পিছু হটতে বাধ্য করার দাবি করে ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, প্রণালির পূর্ব অংশে আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়ার পরপরই মার্কিন যুদ্ধজাহাজগুলো তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে।
আইআরজিসি এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো বিদেশি সামরিক জাহাজের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে শুধুমাত্র বেসামরিক জাহাজগুলোকে নির্দিষ্ট শর্ত মেনে এই জলপথ ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। মার্কিন জাহাজগুলো সফলভাবে প্রণালি অতিক্রম করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছে আইআরজিসি। একইসঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আগের দাবিও নাকচ করে দিয়েছে তেহরান।
উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এমন ভিডিও ও পাল্টাপাল্টি দাবির ঘটনা ঘটল।
সূত্র: প্যালেস্টাইন ক্রনিকল
