
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৫১৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলার ২২৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে।
এ বিষয়ে পুলিশ সুপার জানান, ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যসহ মোট ৯ হাজার ৬০০ জন দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রায় ৩ হাজার সদস্য পুলিশ।
এছাড়া জেলাজুড়ে ৫৮টি মোবাইল টিম ও ১৫টি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব টিম দ্রুত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
