
|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি (এমপিওভুক্ত) মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের ঈদুল ফিতরের উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে। তবে এবারের ঈদে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চেক হস্তান্তরের এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উৎসব ভাতার মোট ৪টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখের পর থেকে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন।
দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে আসছিলেন। তবে এবার শিক্ষকরাও ৫০ শতাংশ হারে ভাতা পাওয়ায় শিক্ষক সমাজে বিশেষ উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে। পবিত্র ঈদুল ফিতরের আগে সময়মতো এবং বর্ধিত হারে ভাতার চেক ছাড় হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরেছে।
