মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০

ভোট সামনে রেখে পদ্মায় বিজিবির বিশেষ মহড়া; স্পিডবোট টহল ও চরাঞ্চলে ক্যাম্প

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে পদ্মা নদীতে বিশেষ মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করেছে রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন–১।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় পদ্মা নদীতে সাতটি স্পিডবোট নিয়ে বিজিবির সদস্যরা টহল, নজরদারি এবং কৌশলগত অনুশীলনে অংশ নেন। নদীপথে যেকোনো ধরনের নাশকতা, অপতৎপরতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং অভিযান পরিচালনার কৌশল মহড়ার মাধ্যমে অনুশীলন করা হয়।

বিজিবি সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে। বিশেষ করে পদ্মা নদীর চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এসব এলাকায় যাতে কোনো পক্ষ নদীপথ ব্যবহার করে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়কে গুরুত্ব দিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে পদ্মা নদীর চরাঞ্চলে বিজিবির বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এসব ক্যাম্প থেকে নিয়মিত টহল, পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ভোটের আগে কিংবা ভোটের পর কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করে, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। নির্বাচন ঘিরে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নদী এলাকায় টহল আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।

মহড়ায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনকারী সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *