সোমবার, মার্চ ৯

ব্যবসাসহ দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে নারীদের এগিয়ে আসার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজ খানম রিতা। রবিবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জ সমন্বিত ভবনে নারী সমাবেশ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নারীরা যেমন দক্ষতার সঙ্গে পরিবার ও সংসার পরিচালনা করতে পারেন, তেমনি রাষ্ট্র পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তাই ব্যবসা-বাণিজ্যসহ দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে নারীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী।

জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *