শনিবার, মার্চ ২১

বেলকুচিতে মুকুন্দগাঁতী উত্তর পাড়া মানবকল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মুকুন্দগাঁতী উত্তর পাড়া মানবকল্যাণ সংস্থা। শুক্রবার (২০ মার্চ) বিকেলে সংস্থার পক্ষ থেকে সমাজের দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মুকুন্দগাঁতী উত্তর পাড়া দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থার সভাপতি ও আলোকিত দৈনিকের সম্পাদক মো. ওমর ফারুক এবং সংস্থার উপদেষ্টা ও মসজিদ কমিটির সভাপতি মো. হোসেন আলী প্রামাণিক। উদ্বোধনী অনুষ্ঠানের পর সংস্থার একদল তরুণ সদস্য বাড়ি বাড়ি গিয়ে সুবিধাভোগীদের হাতে এই ‘ঈদ উপহার’ পৌঁছে দেন।

বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. রাকিব হাসান রবিন, সাধারণ সম্পাদক মাওলানা মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন মাস্টারসহ সংস্থার সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে সভাপতি মো. ওমর ফারুক বলেন, ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ পূর্ণতা পায় যখন আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে পারি। মুকুন্দগাঁতী উত্তর পাড়া মানবকল্যাণ সংস্থা সব সময় আর্তমানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই আমাদের এলাকার কোনো পরিবার যেন অর্থাভাবে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের এই প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।

সংস্থার উপদেষ্টা মো. হোসেন আলী প্রামাণিক তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মের এই সামাজিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা যেভাবে সুশৃঙ্খলভাবে ঘরে ঘরে গিয়ে উপহার পৌঁছে দিচ্ছে, তা ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উল্লেখ্য, মুকুন্দগাঁতী উত্তর পাড়া মানবকল্যাণ সংস্থাটি সূচনালগ্ন থেকে এলাকার বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এই ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে এলাকার নিম্নবিত্ত পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *