
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম,ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাবেকুল ইসলাম,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তাসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন ও প্রশিক্ষিত করে তুললে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়, যেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এতে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষ বাস্তবমুখী ধারণা লাভ করেন।
উল্লেখ্য, কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
