মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭

বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||

নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাল বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করবেন তারেক রহমান। এদিন তিনি সচিবালয়ে সরকারের সকল সচিব ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

এরপর বিকেল ৩টায় নবগঠিত মন্ত্রিসভার প্রথম বিশেষ বৈঠকটি তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে। মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর নির্ধারিত কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। এছাড়া নিচতলাসহ ভবনের বিভিন্ন স্থানে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে ফুলের টব ও আলোকসজ্জার মাধ্যমে সৌন্দর্য বর্ধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই প্রথম কার্যদিবসকে ঘিরে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বুধবারের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে তিনি সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছাবেন।

এর আগে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। তার সাথে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২০৯টি আসনে জয়লাভ করে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর তারেক রহমানের নেতৃত্বে এই নতুন সরকার যাত্রা শুরু করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *